ইউএসবাংলাডায়েরি: প্রবাসের কর্মব্যস্ত জীবনে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মিশিগানে আয়োজিত হতে যাচ্ছে জমকালো ‘USB বৈশাখী উৎসব ২০২৬’। আগামী ২৬ এপ্রিল, রবিবার ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ এপ্রিল) ওয়ারেন শহরের রয়েল বেঙ্গল বাংলাদেশি কুইজিনে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় উৎসবের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন ইউএসবি ২৪ নিউজ (USB 24 News)-এর চেয়ারম্যান ফয়সল আহমদ মুন্না।
শিকড়ের টানে এক টুকরো বাংলাদেশ:
মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে ফয়সল আহমদ মুন্না বলেন, “প্রবাসের যান্ত্রিক জীবনেও আমরা আমাদের শিকড়কে ভুলে থাকিনি। আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং মিশিগানের বুকে এক টুকরো বাংলাদেশ গড়ে তোলা।
২৬ এপ্রিল দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলমান এই উৎসবে থাকবে বাঙালিয়ানার পূর্ণ আমেজ। থাকবে পান্তা-ইলিশসহ নানা পদের ঐতিহ্যবাহী বাংলা খাবারের স্টল। এছাড়াও মেলায় স্থান পাবে দেশীয় পণ্যের হরেক রকম স্টলের পাশাপাশি আকর্ষণীয় র্যাফেল ড্র।
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসা প্রথিতযশা শিল্পীদের পরিবেশনা। মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কনা। এছাড়াও স্থানীয় শিল্পীদের গান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধামাইল নাচ ও দেশীয় নৃত্য আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, যেকোনো অনুষ্ঠানের সফলতা নির্ভর করে সঠিক প্রচারের ওপর। মিশিগানের প্রতিটি ঘরে উৎসবের বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন ফয়সল আহমদ মুন্না।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসে বাংলা সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে ‘শুভ নববর্ষ ১৪৩৩’ এবং ‘জয় হোক বাংলার সংস্কৃতির’ স্লোগানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
